
খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লার গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা ছিল প্রাণবন্ত।
রোববার (৫ এপ্রিল) শেখপুরা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচি চালানো হয়। এ সময় প্রার্থী ইলিয়াস মোল্লা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয়দের অনেকেই তাকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের এলাকার উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ইলিয়াস মোল্লা বলেন, আজগড়া ইউনিয়নকে একটি সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান।
তিনি আরও বলেন, “আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত হবে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ কর্মসূচিকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।