চান্দিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

আলিফ মাহমুদ কায়সার , কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও উফশী-আউশ মৌসুমে চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে প্রায় ১ হাজার ৫০০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। পুরো উপজেলায় মোট ১৩ হাজার ২০০ জন কৃষক এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে।

একই অনুষ্ঠানে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। প্রকল্পের অংশ হিসেবে উপজেলায় মোট ৩১টি ন্যাপস্যাক হ্যান্ড স্প্রেয়ার বিতরণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে উদ্বোধনী দিনে ৫টি স্প্রেয়ার কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আমেনা বেগমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, একই দিন দুপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) বাস্তবায়নের অংশ হিসেবে প্রদর্শনী পুকুরে মাছের পোনা, মৎস্য খাদ্য এবং পুকুরপাড়ে রোপণের জন্য বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ