
উমর ফারুক, পঞ্চগড়
পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নুল হকের ছেলে। ওই লাইনম্যানের মৃত্যুর জন্য ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করেছেন। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধাক্কামারা গোলচত্বর সংলগ্ন বিদ্যুতের পোলে উঠে বিদ্যুতের তার মেরামত করছিলেন লাইনম্যান শাহিন আলম। মেরামত শেষ না হতেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তারেই ঝুলে ছটফট করতে থাকেন শাহিন। ১৭ মিনিট পর বিদ্যুৎ বন্ধ করে কর্তৃপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপরেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষ আলোচনায় বসেন। দীর্ঘ সময় আলোচনার পর বিদ্যুৎ অফিসে নিহত শাহিনের স্ত্রী সাদিয়া আক্তারকে চাকরি দেয়া, বিদ্যুৎ অফিস থেকে ৪০ হাজার ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা ও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাত ৮টায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, কারেন্টের পিলারে একজন ব্যক্তি আটকা আছে। তিনি বিদ্যুতের লাইন ঠিক করার জন্য মূলত সেখানে উঠেছেন। আমাদের ফায়ারফাইটার সেখানে উঠে এবং উঠার পর তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করি। হাসপাতাল অথরিটি তাকে মৃত ঘোষণা করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।