বাগেরহাটে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য নিহত

সোহেল রানা বাবু, বাগেরহাট

 

‎বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ মনিম আল হাসান (২৮)। শনিবার বিকেলে শহরের রনবিজয়পুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মনিম আল হাসান মোটরসাইকেলযোগে খানজাহান আলী দরগা এলাকা থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় রনবিজয়পুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

‎এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মনিম আল হাসান বছর দেড়েক আগে বিজিবি তে যোগ দেন।তার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ