
রাসেল আহমেদ,খুলনা
খুলনার প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হলো। প্রথমবারের মতো বিভাগীয় শহর খুলনা জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন হুরে জান্নাত। তার দায়িত্ব নেওয়াকে ঘিরে খুলনাবাসীর মধ্যে আগ্রহ ও প্রত্যাশার ঝড় উঠেছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে খুলনায় নতুন জেলা প্রশাসকের নিয়োগ নিশ্চিত করেছে। এতে বর্তমান ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে। হুরে জান্নাত এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, হুরে জান্নাতের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা খুলনার প্রশাসনে নতুন গতি আনবে। বিশেষ করে জনসেবামুখী প্রকল্প, উন্নয়ন কর্মকাণ্ড এবং স্বচ্ছ প্রশাসনের ক্ষেত্রে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।
খুলনার সচেতন মহল মনে করছেন, একজন নারী জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ নারীর ক্ষমতায়নের নতুন বার্তা দিচ্ছে। এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং খুলনাবাসীর জন্য নতুন সম্ভাবনার পথও খুলেছে।
এবার দেখার বিষয়—হুরে জান্নাতের নেতৃত্বে খুলনার প্রশাসন কতটা দ্রুত, স্বচ্ছ এবং জনবান্ধব হয়ে উঠবে। খুলনাবাসীর প্রত্যাশা, এই নতুন গল্পের শুরু হতে যাচ্ছে কার্যকর ও সার্থক।