প্রেমের সম্পর্কে প্রতারণা: তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ

সংবাদ প্রতিবেদন : ডেস্ক, ছাগলনাইয়া (ফেনী)

​ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন হীরাপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে চরম প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে বাদশা নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ঘটনায় ভুক্তভোগী শান্তা (জিনিয়া) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ চার বছরের পরিচয়ের সূত্র ধরে বাদশার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। চট্টগ্রামের একটি মাজারে ধর্মীয় রীতি মেনে প্রায় দুই বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বলেও দাবি করেন শান্তা। তবে গত ছয় মাস ধরে অভিযুক্ত যুবক সম্পর্ক অস্বীকার করার পাশাপাশি নানাভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, সম্পর্কের সুযোগ নিয়ে বাদশা বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন, যা মূলত জুয়ার আসরে ব্যয় করা হতো। একপর্যায়ে অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে ওই যুবক শান্তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জোরপূর্বক কেড়ে নেন।

​ভুক্তভোগী শান্তা আরও জানান, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যরাও জানতেন। কিন্তু সম্প্রতি বাদশা তাকে বেল্ট ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর শুরু করেন। পরিস্থিতির অবনতি হলে পূর্বে ছাগলনাইয়া থানায় দুই পক্ষের মধ্যে একটি আপোষ-মীমাংসা হলেও নির্যাতন বন্ধ হয়নি। উল্টো বাদশার বাবা এবং স্থানীয় এক বিএনপি নেতা ভুক্তভোগীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ তুলেছেন।

​জানা যায়, ২০১৩ সাল থেকে ফেনীতে বসবাসকারী শান্তা বিভিন্ন হিজড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় হলেও বর্তমানে তিনি ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকায় অবস্থান করছিলেন।

​এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে থানা পুলিশ প্রাথমিকভাবে অবগত নয়। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বর্তমানে ছাগলনাইয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন শান্তা। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ