ঠাকুরগাঁওয়ের শিক্ষাক্ষেত্রে নতুন মাইলফলক: গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও:

 

শিক্ষা জাতির মেরুদণ্ড এবং কারিগরি শিক্ষা সেই মেরুদণ্ডকে করে আরও শক্তিশালী ও স্বাবলম্বী। এই লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’-এর অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো এক নতুন দিগন্ত। অত্র অঞ্চলের নারী শিক্ষার প্রসার এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) দুপুরে কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

৪-তলা ভিত্তির ওপর একতলা বিশিষ্ট আধুনিক এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ রংপুরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক এবং অত্র কলেজের সুযোগ্য সভাপতি মো: আখতারুজ্জামান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কলেজের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওসমান গনি (মাস্টার)। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হিসেবে তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মাঝে অনুপ্রেরণার সঞ্চার করে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) নিবিড় তত্ত্বাবধানে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৯৯ হাজার ৮৯১ টাকা।

প্রকল্পটি সম্পন্ন হলে কলেজের শ্রেণিকক্ষের সংকট দূর হওয়ার পাশাপাশি একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। ‘মেসার্স আমির হামজা এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগামী ৫৪০ কর্মদিবসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।

আলোচনা সভায় মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে।

বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিশেষ করে আমাদের নারীরা যখন কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠবে, তখন তারাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এই ভবনটি কেবল একটি স্থাপনা নয়, এটি নারী শিক্ষার প্রসারে একটি আধুনিক কেন্দ্র হিসেবে কাজ করবে।

কলেজটির বর্তমান সফলতার পেছনে অধ্যক্ষ মো: ফেরদৌস রহমানের নিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা এবং নিরলস পরিশ্রমের বিষয়টি সর্বজনস্বীকৃত। তাঁর নেতৃত্বে কলেজটিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বেড়েছে, তেমনি পাঠদানের মানও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অধ্যক্ষের এই দূরদর্শী নেতৃত্বের কারণেই অত্র কলেজটি আজ ঠাকুরগাঁওয়ের অন্যতম নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জিল্লুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওসমান গনি (মাস্টার)-কে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নতুন এই ভবনটি নির্মাণের মাধ্যমে গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ নারী কারিগরি শিক্ষার এক বাতিঘরে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ