
সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ মোশাররফ হোসাইন
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন ডি রয়েল স্যালমনে ৭ মার্চ ২০২৬, শনিবার রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং আলেম সমাজের উপস্থিতিতে একটি বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে খেলাফত মজলিস। দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে এই আয়োজনে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক এবং হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আলম বাদল, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন অনুষ্ঠানে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
সম্পূর্ণ আয়োজনের শৃঙ্খলা রক্ষায় এবং কার্যক্রম পরিচালনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ এবং সংগঠনটির যুগ্ম সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী।