
সোহেল রানা বাবু,বাগেরহাট
নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া এলাকার ওসমান গনি সরদার এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
৭ মার্চ শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে নিহত ওসমান গণি সরদার এর মা,বিধবা স্ত্রী, তিন বছর বয়সের ছেলে সন্তান, ভাই বোন সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত নিহত ওসমানের মা, স্ত্রী, বোন , স্বজন ও প্রতিবেশীরা এসময়ে কান্নায় ভেঙে পড়েন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ওসমান নিহতের প্রায় এক মাসের কাছাকাছি হয়ে আসলেও খুনিদের কেউকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আটক করতে পারেনি। বরং খুনীরা ঢাকায় বিভিন্ন স্থানে প্রভাবশালী নেতাদের সঙ্গে বসে ইফতারী করে ফেসবুকে পোষ্ট দিচ্ছে এবং নিহতের শিশু সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের দাবি এইসব খুনী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রায়ের মাধ্যমে ফাঁসি কার্যকর করা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া এলাকার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করা বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে বিএনপি মনোনীত প্রার্থীর নেতা কর্মীরা।
পরে তাদেরকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করলে ওসমান গনি সরদার এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পরদিন ১৪ ফেব্রুয়ারী দুপুরে সে মারা যায়।
পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি নিহতের ভাই মোঃ এনামুল কবির বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দিন থেকে আজকের দিন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।।#