
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
বুধবার (৪ মার্চ) রাত প্রায় ১০টা ৪০ মিনিটের দিকে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন শ্যামাইকান্দি এলাকার সাবেক মাদক ব্যাবসায়ী মৃত তেলু মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো. জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী মোঃ নবী মিয়া ও মামুন মিয়া পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযানের সময় জোসনা বেগমের বসতঘর এবং জাদু মিয়ার হেফাজতে থাকা একটি অটোরিকশা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি তিন চাকার অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে।