
সোহেল রানা বাবু, বাগেরহাট
”বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই শ্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডি এফ ও রেজাউল করিম চৌধুরী।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এবিএম মোশাররফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু,সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল সহ অন্যান্যরা।
বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ এসময়ে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে।
সুন্দরবন এখন আর আগের মতো ভাল নেই। বনদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ,বিষ দিয়ে সুন্দরবনের মাছ সহ জলজ প্রানী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারীদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণি, সুন্দরী গাছ মরছে লবনে। এছাড়াও নানা কারণে সুন্দরবন আজ ধ্বংসের মুখে। তাই সুন্দরবন রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে।
এ সময়ে দেশের মানুষকে ভাল রাখতে সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান এবং সুন্দরবন দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার দাবি ও জানান বক্তারা।।