
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধের জেরে সহোদর ভাইবোনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আহতরা হলেন মো. তোফাজ্জল হোসেন ও তার বোন। ঘটনাটি প্রথমবার গত ৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে এবং দ্বিতীয়বার রাত আনুমানিক ১১ টার দিকে ঘটে।
জানা যায়, আহত তোফাজ্জল হোসেন ও তার বোনের ভোগদখলীয় ২০ শতক জায়গা একই গ্রামের টিটু মিয়া নামের একজনের কাছে দেড় লাখ টাকায় বন্ধক দেয়, কিন্তু মো. হাবিবুর রহমান তাদের জমি দখলের চেষ্টা করলে তোফাজ্জল ও তার বোন বাঁধা দিলে তাদের ওপর হামলা চালায়।
পরবর্তীতে রাতে আবার তোফাজ্জলের বসতবাড়িতে হামলা চালায়। আহত তোফাজ্জল ও তার বোন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
শহিদুল নামের এক স্থানীয় ব্যক্তি জানান, মূলত হাবিবুর রহমান ব্যবসা শেষে বাড়িতে যাওয়ার সময় তোফাজ্জল লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। হাবিবুর রহমান নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।