ঠাকুরগাঁও: রাষ্ট্রপতির সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ঘোষণা

0
29

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ঠাকুরগাঁও।

​দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রবিবার (৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে নাগরিক সংবর্ধনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জেলার স্থানীয় উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ার ওপর বিশেষ জোর দেন।

​এর আগে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এরপর বিকেলে বালক উচ্চবিদ্যালয়ের মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি জানান, অবহেলিত ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিমানবন্দর চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া গণতন্ত্র সরকার আর হারাতে চায় না। দেশে আর কোনো রক্তপাত নয়, বরং একটি সুন্দর ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।

​অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তরুণ প্রজন্মের প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানান, কেবল চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতির এই সফর ঘিরে ঠাকুরগাঁও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here