ফেনী তথ্য অফিস : নারী ও কিশোর-কিশোরী উন্নয়নে উঠান বৈঠক

0
28

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী সদর

​কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে আগস্ট, ২০২৬) দৌলতপুর বলি বাড়ি সংলগ্ন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের জিওবি খাতের আওতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে বৈঠকটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ’ মুমেন। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিন। এছাড়া মিতালী সমাজসেবা সংস্থার সভানেত্রী লুতফুন্নাহার পারভীন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এ’ মুমেন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তিনি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নারীদের জন্য যাতায়াত সুবিধা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো আলোচনা করেন।

​পরিবার গঠন ও সন্তান পালনে মায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সভাপতির বক্তব্যে তথ্য অফিসার এস.এম. আল আমিন জানান, পারিবারিক অনুশাসনের অভাবেই সমাজে ‘কিশোর গ্যাং’ ও মাদকের মতো সংকটের সৃষ্টি হয়। সন্তানদের হাতে স্মার্টফোনের বদলে বই তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা আদেশের চেয়ে অনুকরণ বেশি করে। তাই অভিভাবকদের নিজেদেরই ইতিবাচক উদাহরণ তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here