ফেনী ইউনিভার্সিটি : আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় আইন বিভাগের ৩ শিক্ষার্থী

0
10

সংবাদ প্রতিবেদন : এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব, নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী

​ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অনুষ্ঠিতব্য অষ্টম জিডি গোয়েঙ্কা–সিআইআরব আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসি মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এ ফেনী ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইন বিভাগের তিন শিক্ষার্থী। আগামী শুক্রবার (২৫শে সেপ্টেম্বর, ২০২৬) জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য যুক্তরাজ্য, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

​নির্বাচিত তিন শিক্ষার্থী হলেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩০তম ব্যাচের কাজী মহিবুল হক, বিবি জুলেখা এবং ৩১তম ব্যাচের সানজিদা জান্নাত সায়িমা। আন্তর্জাতিক মঞ্চে আইনি লড়াইয়ের প্রস্তুতির জন্য এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনীম জাহান তানজি। আগামী রবিবার (২৭শে সেপ্টেম্বর, ২০২৬) পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে আইন গবেষণা, বিশ্লেষণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

​সালিসি মুট প্রতিযোগিতায় মূলত বিরোধগুলো প্রচলিত আদালতের পরিবর্তে একটি স্বাধীন সালিসি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির আইনি কাঠামো নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক থেকে উদ্ভূত নানা সংকট, যেমন চুক্তি ভঙ্গ, আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য বা সেবা সরবরাহ সংক্রান্ত জটিলতাগুলো বিকল্প উপায়ে সমাধানের পদ্ধতি এখানে প্রাধান্য পায়।

​দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশি প্রতিযোগীদের সাথে এই আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের মতো বিশেষায়িত ক্ষেত্রে প্রতিযোগিতা করার সুযোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইনজীবী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। একই সাথে এই বৈশ্বিক অংশগ্রহণ ফেনী ইউনিভার্সিটির মুটিং ও আইন গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক পরিসরে সক্ষমতা প্রমাণ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here