পরশুরাম : পেনশনের টাকা ছিনতাই

0
15

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, পরশুরাম (ফেনী)

​পরশুরামের সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের টাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই অভিনব কায়দায় এক লাখ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রয়াত এক সরকারি কর্মকর্তার স্ত্রী। বৃহস্পতিবার (২০শে আগস্ট, ২০২৬) বেলা ১১টা ৫০ মিনিটে ব্যাংকটির প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হোসনে আরা বেগম স্থানীয় প্রয়াত শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী। এ ঘটনায় খোয়া যাওয়া অর্থ উদ্ধার ও অভিযুক্তদের শনাক্ত করতে পরশুরাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​ঘটনার সময় হোসনে আরা বেগম তাঁর মেয়ে লুগনা শারমিনকে সাথে নিয়ে ব্যাংক থেকে পেনশনের ওই টাকা উত্তোলন করেন। নিচে নেমে তাঁরা একটি রিকশায় ওঠার চেষ্টা করলে হিজাব পরিহিত অজ্ঞাত দুই নারী সেখানে উপস্থিত হন। ওই নারীরা রিকশাটি আগে থেকেই রিজার্ভ করা বলে দাবি করে মা-মেয়ের সাথে বাগবিতণ্ডা ও টানাটানি শুরু করেন। এ পরিস্থিতির সুযোগ নিয়ে অত্যন্ত কৌশলে ভুক্তভোগীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ভেতরে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চক্রটি।

​ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে অবহিত করেন। তবে ব্যাংকের ফটকে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংকের পাশের ‘কামরুল ইলেকট্রনিক্স’ নামক একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজন দুই নারীর আংশিক অবয়ব দেখা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের শনাক্তে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here