সিলোনিয়া ও বেকের বাজার : মৃত্যুফাঁদ এড়াতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

0
37

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)।

ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের (এন-১০৪) দাগনভূঞা অংশের সিলোনিয়া এবং বেকের বাজারে দুর্ঘটনা রোধে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই স্থানে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। সোমবার (১৭ই আগস্ট, ২০২৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি প্রদান করেন।

​চিঠিতে উল্লেখিত মহাসড়কটি ফেনী-৩ আসনের আওতাধীন। এই চার লেনের মহাসড়কের পাশে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পারাপার হন। গত রোববার (১৬ই আগস্ট, ২০২৬) সিলোনিয়া বাজার এলাকায় সড়ক পার হতে গিয়ে এক স্কুলছাত্রী নিহত হওয়ার পর ফুটওভার ব্রিজের শূন্যতা আরও স্পষ্টভাবে সামনে আসে। এর আগেও ওই একই স্থানে একাধিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

​সিলোনিয়া বাজারের পাশাপাশি মহাসড়কের বেকের বাজার এলাকাকেও মারাত্মক দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, বেকার বাজারে প্রতিনিয়ত দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং জননিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে এই দুই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। চিঠির অনুলিপি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছেও পাঠানো হয়েছে।

​উল্লেখ্য, চার লেনের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন দক্ষিণ চট্টগ্রামের সাথে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের শত শত ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে। পর্যাপ্ত জেব্রা ক্রসিং বা আন্ডারপাস না থাকায় মহাসড়ক সংলগ্ন বাজারগুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনার বড় ঝুঁকি থেকে যায়। প্রস্তাবিত ফুটওভার ব্রিজগুলো নির্মিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি প্রাণহানির হার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here