
সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী
ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ই আগস্ট, ২০২৬) পরিচালিত এই অভিযানে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরাকারবারিকে আটকের করা যায়নি।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জানা যায়, ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত দিয়ে এসব মালামাল অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হচ্ছিল। জব্দকৃত এসব ভারতীয় পণ্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে ৪ বিজিবি, ফেনীর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমন এবং মাদকের বিস্তার রোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
