
মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ
“পড়িলে বই আলোকিত হই- না পড়িলে বই অন্ধকারে রই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রগামী মডেল কেজি স্কুল। প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যেই স্কুলটি শিক্ষার গুণগত মান, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে অভিভাবক ও স্থানীয় জনগণের কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছে স্কুলটি।
২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক ছিদ্দিকুর রহমান। শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি প্রথমে নালমুখ বাজারে একটি আধুনিক গণ পাঠাগার প্রতিষ্ঠা করেন। এলাকার একঝাঁক তরুণ, শিক্ষিত ও চাকরিজীবী গুনি জনদের সহযোগিতায় পাঠাগারটি দ্রুতই একটি প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হয়। বিভিন্ন সামাজিক ও জাতীয় দিবসে হবিগঞ্জের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে পাঠাগারটি হয়ে ওঠে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক অনন্য কেন্দ্র।
এই সফলতার ধারাবাহিকতায় ছিদ্দিকুর রহমান প্রতিষ্ঠা করেন অগ্রগামী মডেল কেজি স্কুল। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষক-শিক্ষিকা নিষ্ঠার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। শিশু নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।
স্বল্প সময়েই শিক্ষা, শৃঙ্খলা ও সংস্কৃতির সমন্বয়ে স্কুলটি এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।