কালিয়ায় স্কুলের টিনশেডে নারিকেল গাছ ভেঙে পড়ে ২ শিক্ষার্থী আহত,একজনের অবস্থা আশঙ্কাজনক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের কালিয়া উপজেলায় ঝড়ো হাওয়ায় একটি পুরনো নারিকেল গাছ উপড়ে স্কুলের টিনশেড শ্রেণিকক্ষের ওপর পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। আহতরা হলো ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,সকালবেলায় ক্লাস চলাকালে হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিদ্যালয়ের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ উপড়ে গিয়ে সরাসরি টিনশেড শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গাছের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিয়াম শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান,আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তের স্বার্থে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে।

তিনি আরও বলেন,তদন্তে বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ