সোনাগাজী জি.ভা. ফাউন্ডেশন : বিনামূল্যে মক্তব শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

0
45

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, সোনাগাজী (ফেনী)।

​ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিনামূল্যে মক্তব শিক্ষা কার্যক্রম চালু করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন। শুক্রবার (২৮শে আগস্ট, ২০২৬) বাদ জুমা উপজেলার জিৎপুর জামে মসজিদ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ ও ছবক প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিনা ফিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে মক্তবের নিয়মিত পাঠদান শুরু হবে। উদ্বোধনী দিনে জিৎপুর জামে মসজিদের ইমাম ও মক্তবের নবনিযুক্ত শিক্ষক মাওলানা ওয়ারিস উদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের প্রথম ছবক প্রদান করেন। এর আগে আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের হাতে মক্তবের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দেন।

​ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিদর্শক মাওলানা নুর আলম এবং স্থানীয় শিক্ষক রেজাউল করিম, আবদুল হক, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম আরিফ ও আমির হোসেন খসরু।

​সামাজিক অবক্ষয় রোধে শিশু-কিশোরদের সুশিক্ষিত করতে পরিবার ও বিভিন্ন সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত ব্যক্তিরা। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইদুর রহমান সবুজ এবং নির্বাহী সদস্য মো. আজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here