
সংবাদ প্রতিবেদন : জসীমউদ্দিন ইতি, নিত্যবয়ান সংবাদদাতা, ঠাকুরগাঁও।
নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানিয়ে ঠাকুরগাঁওয়ে আয়োজিত হয়েছে ‘হাফ ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২৮শে আগস্ট, ২০২৬) ভোরে শহরের আবদুর রশিদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৩২টি জেলা থেকে ২৭০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও রানার্সের আয়োজনে এবং মেসার্স গার্ডেনিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক মো. নূর-এ-শাহাদৎ স্বজন জানান, খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জেলার ইতিহাস ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে নিজে দৌড়ে অংশ নেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ শহীদ উজ জামান। শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় ২১ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ওমর ফারুক। তরুণদের পাশাপাশি ৭৯ বছর বয়সী এক জ্যেষ্ঠ দৌড়বিদও এই ম্যারাথনে অংশ নিয়ে আয়োজনের প্রশংসা করেন। সকাল ১০টায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব সমাপ্ত হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭শে আগস্ট, ২০২৬) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে ম্যারাথনের অফিশিয়াল ‘কিট এক্সপো’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। এছাড়া ম্যারাথনের সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া সংগঠক মো. ফারুক হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তানুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
