দাগনভূঞা : অপরিষ্কার রান্নাঘর, দুই হোটেলকে অর্থদণ্ড

0
15

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক।

 

​দাগনভূঞা বাজারের বাংলা ও মদিনা হোটেলে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সড়কে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকেও জরিমানা করে আদালত। উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৩শে জুন, ২০২৬) দুপুর ১২টায় এই অভিযান পরিচালনা করে।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। বাজার তদারকিকালে তিনি দেখতে পান, হোটেল দুটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিষ্কার এবং নোংরা। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গেই রান্না করা খাবার সংরক্ষণ করছিল হোটেল কর্তৃপক্ষ। এর ফলে খাবার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

​অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের এমন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় বাংলা হোটেলকে ২০ হাজার এবং মদিনা হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট। অন্যদিকে, সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে আদালত।

​সব মিলিয়ে এই অভিযানে মোট ৪টি মামলা দায়ের এবং ৪ জনকে অভিযুক্ত করে সর্বমোট ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করে প্রশাসন। সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত রাখার ঘোষণা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here