ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও পৌর শহরের ‘রয়েল লাঞ্চ’ রেস্টুরেন্টে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাই টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

ব্র্যাক সিড-এর ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার ডিলার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবির। তিনি কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি জমিতে সুষম পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এছাড়াও তিনি মানসম্মত খাদ্য উৎপাদনে উন্নতমানের বীজ ব্যবহারে আলোচনা করেন।

এসময় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।

কর্মশালায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিপুল সংখ্যক ডিলার ও কৃষকেরা অংশগ্রহণ করেন। তারা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। শেষে উপস্থিত ডিলার ও কৃষকদের মাঝে বিনোদনমূলক খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ