
রাসেল আহমেদ,খুলনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মী, সাংবাদিক সমাজ, মেহনতি পেশাজীবী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের জীবনে ধৈর্য, সংযম, ত্যাগ ও সহমর্মিতার অনন্য শিক্ষা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, প্রশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে হাজির হয়। ঈদের প্রকৃত তাৎপর্য হলো সব ভেদাভেদ ভুলে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হওয়া।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। তবেই ঈদের প্রকৃত আনন্দ সার্থক হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল সমর্থন ও ভালোবাসার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি হেলাল বলেন, জনগণের এই আস্থা ও ভালোবাসা আমার জন্য এক বিশাল দায়িত্ব।
এই দায়িত্ব যথাযথভাবে পালন করে একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে জনগণ অতীতে যেভাবে পাশে ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
আজিজুল বারী হেলাল আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরকে ভালোবাসি এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
একইসঙ্গে আমাদের প্রিয় তেরখাদা, রূপসা ও দিঘলিয়াকে বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করি।
তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আলোয় দূর হয়ে যাক সব অন্ধকার। ঈদ বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা। সবাইকে আবারও ঈদ মোবারক।