
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সালাম পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বিনিময়কালে ডা. আব্দুস সালাম বলেন, “পবিত্র ঈদ আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসবের মূল শিক্ষা হলো মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা। বর্তমান প্রতিকূল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ঠাকুরগাঁও-২ আসনের সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি এবং আমার দল সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এলাকার উন্নয়ন ও জনমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা কখনো পিছু হটব না। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ যেখানে প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার ভোগ করতে পারে।”
অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত নেতাকর্মীদের সাথে ঈদের কোলাকুলি করেন এবং ব্যক্তিগতভাবে তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ের কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।