
সোহেল রানা বাবু, বাগেরহাট
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার(১৮ মার্চ) বাগেরহাটের পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে” বলে উল্লেখ করে সংবাদ প্রচার হয়। এ সংক্রান্ত সংবাদটি আমাদের নজরে এসেছে।
প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
তবে প্রকৃত ঘটনা হলো গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ঝড়বৃষ্টির সময়ে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মোঃ চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)‘র বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
এদিকে আইজিপি‘র নিকট আত্মীয় মিজান ফকির জানান গত সোমবার রাতে ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে যায়,এই সময়ে সুযোগ বুঝে হয়ত কেউ নিয়ে গেছে। তবে খোয়া যাওয়া তার পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে।
এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করিনি।।