
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও,
ঠাকুরগাঁও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে পরাজিত নেতাকর্মীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, বিএনপি এতদিন গণতন্ত্রের লম্বা চওড়া লেকচার দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি মাত্র সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সময় তারা বলেছিল গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এখন তারা নির্বাচিত সরকার হয়ে প্রতি জায়গায় নিজেদের পরাজিত নেতাদের প্রশাসক বানাচ্ছে। এই প্রশাসকদের দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করবে এবং দলীয় লোকদের সরকারি সুযোগ-সুবিধা দেবে। এটি মূলত স্বৈরাচারের পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ।
গণভোটের ফলাফল নিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পরপরই যদি জনগণের এত বড় ম্যান্ডেট ও জুলাই সনদ ভুলে যায়, তবে আমরা মনে করি এটি তাদের স্বৈরাচারী আচরণেরই বহিঃপ্রকাশ।
তিনি আরও যোগ করেন, রাষ্ট্র জনগণের জন্য, জনগণের ঊর্ধ্বে কিছু নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট থাকার পরও যদি সংবিধানের দোহাই দিয়ে সেটি এড়িয়ে যাওয়া হয়, তবে বুঝতে হবে আপনারা আগের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চান। কিন্তু এবার বাংলাদেশের মানুষ কাউকে আর সেই সুযোগ দেবে না।
বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা শেষে সারজিস আলম রানীশংকৈল ও হরিপুর উপজেলায় নিজ দলের কর্মীসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।
এসময় ঠাকুরগাঁও জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।