
জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ লিগ্যাসি মিট–২০২৬ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা কমিটি।
সংগঠনটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, এফ আলম গ্রুপের চেয়ারম্যান ফখরুল আলম লিফাত।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটির সকলকেই শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এনসিটিএফ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিশুদের উন্নয়ন ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা প্রতিনিধি জান্নাতুন ফেরদৌস বর্ষা, সাবেক জেলা প্রতিনিধি কামরুন নাহার পান্না, হাসনাহেনাসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিশু সংসদ সদস্য জিহাদুজ্জামান জিসান।