
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিয়োগ পরীক্ষার বোর্ড চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় শরিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ মার্চ) মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নিয়োগ পরীক্ষা চলাকালীন এই নজিরবিহীন ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের নিয়োগ নির্বাচনী বোর্ড ইউএনও’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ে বসেছিল। পরীক্ষা চলাকালীন আনুমানিক বিকেল ৩:৩০ মিনিটে স্থানীয় মো. জামাল উদ্দিন ও মো. এরফান আলীর নেতৃত্বে একদল লোক ইউএনও’র রুমে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত বোর্ড প্রতিনিধিদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে।
এক পর্যায়ে আসামিরা নিয়োগ সংক্রান্ত মূল কাগজপত্র, রেজুলেশন খাতা, নোটিশ খাতা এবং ফলাফল শিটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র টেনে-হিচড়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শুধু তাই নয়, বাধা দিতে গেলে তারা বাদী হারুন অর রশিদ এবং নারী শিক্ষক প্রতিনিধি মোতাহারা পারভীনকে হেনস্তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় মো. হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এতে ৬ জন নামীয় এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে শরিফ নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
হরিপুর থানা পুলিশ জানায়, সরকারি কাজে বাধা প্রদান এবং গুরুত্বপূর্ণ নথি ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সময় উপস্থিত সাক্ষী হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. রেজা হাসান মাহমুদ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম বিশেষজ্ঞ প্রকৌশলী জাভেদ আলীসহ অন্যান্য কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।
ইউএনও’র কার্যালয়ের মতো সুরক্ষিত স্থান থেকে এমন নথি ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।