
রাসেল আহমেদ,খুলনা:
.খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বাড়াতে থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক সুধী সমাবেশ। এতে আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ) তেরখাদা উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে তেরখাদা থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল হক বলেন, সমাজকে নিরাপদ রাখতে মাদক, ইভটিজিং, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এসব অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল এবং তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।