
খুলনা সংবাদদাতা
তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত পেট্রল বোমা ও দেশীয় অস্ত্রের হামলায় একজন নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত আল মামুন মোল্যা (৩৫) হামলায় দগ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই মো. শরিফুল ইসলাম সোমবার (২ মার্চ) তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, রামদা ও পেট্রল বোমা নিয়ে একটি দল রাস্তার ওপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২ নম্বর আসামি শাহাজাহান শিকদার তানভির নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করেন। পরে ৪ নম্বর আসামি দাউদ মোল্যার নির্দেশে ৮ নম্বর আসামি সাইফুল ইসলাম পেট্রল বোমা নিক্ষেপ করেন। এতে আল মামুনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলা সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা স্পষ্ট হবে।
নিহতের পরিবার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।