
সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)।
ফেনীর দাগনভূঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অভিযুক্তদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে আয়োজিত এক বিশেষ র্যালি ও সমাবেশে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস ও ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় দাগনভূঞা থানা পুলিশ ও বিট নং-১১ এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম (নোমান) স্পষ্ট ভাষায় জানান, এলাকায় কোনো চাঁদাবাজ বা মাদকের কারবারিকে ছাড় দেওয়া হবে না। তিনি অভিযুক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় এলাকার জনপ্রতিনিধি ও সচেতন সমাজের মাধ্যমে আত্মসমর্পণ করবেন, পুলিশ তাদের হয়রানি করবে না। তবে এই সুযোগ কাজে না লাগালে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। মাদকের ভয়াবহতা ও আইনি শাস্তির কথা স্মরণ করিয়ে তিনি জানান, বর্তমান আইনে মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের ওপর সর্বোচ্চ জোর দেয় পুলিশ। ওসি নোমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, পুলিশ এককভাবে এই ব্যাধি নিয়ন্ত্রণ করতে পারবে না। সামাজিকভাবে প্রতিরোধ ও ঘৃণা তৈরি না হলে ভবিষ্যৎ প্রজন্ম এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা অপরাধের তথ্য দিতে স্থানীয়দের সরাসরি থানা পুলিশ অথবা ৯৯৯-এ কল করার আহ্বান জানানো হয়।
সড়ক ও বাজার প্রদক্ষিণ করা এই র্যালিতে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।
