পঞ্চগড় : ব্রি’র প্রযুক্তি গ্রামে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

0
29

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, পঞ্চগড়।

​আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের উদ্যোগে শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে এই পরিদর্শন এবং কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় কৃষকদের ধানের উন্নত জাত নির্বাচন, চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ এবং সুষম সার ব্যবস্থাপনা নিয়ে মাঠে সরাসরি ধারণা দেওয়া হয়। পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা কৃষকদের মাঠে গবেষণালব্ধ প্রযুক্তির বাস্তব প্রয়োগ পর্যবেক্ষণ করেন। একইসাথে পঞ্চগড় অঞ্চলের কৃষির সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও স্থানীয় জলবায়ু উপযোগী ধান চাষ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন তারা।

​প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজনে আলোচক হিসেবে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম এবং ব্রি স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদ রানা। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রযুক্তি গ্রামের কৃষকরা মতবিনিময়ে অংশ নিয়ে সেচ ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যয় কমানোর রূপরেখা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here