ছাগলনাইয়া সাংবাদিকের ওপর হামলা : থানায় অভিযোগ

0
27

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ছাগলনাইয়া।

​ফেনীর ছাগলনাইয়া বাজারে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও শিক্ষানবিশ আইনজীবী নিজাম উদ্দিন মজুমদার সজীবের ওপর অজ্ঞাত ১৫ থেকে ২০ জন অতর্কিত হামলা চালিয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫শে আগস্ট, ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় হাজী বি জামান মার্কেট-২ এর ভেতরে এই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার (২৭শে আগস্ট, ২০২৬) ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

​লিখিত অভিযোগপত্র অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ ও ৭টা ৪৬ মিনিটে আসা ফোন কলের মাধ্যমে। ৪০ বছর বয়সী সাংবাদিক নিজামের ব্যক্তিগত নম্বরে কল করে ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে একটি কথিত সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য বলা হয়। তবে তিনি সেখানে না গিয়ে হাজী বি জামান মার্কেট-২ এর তানিয়া সুজ নামের একটি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে প্রবেশ করে তাকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে নিয়ে আসে এবং উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। হামলার একপর্যায়ে তানিয়া সুজের স্বত্বাধিকারী কাজী মো. মোস্তফা, মেসার্স মিন্টু ইলেকট্রিকের মো. মহিউদ্দিন মিন্টু এবং মেসার্স চৌধুরী অটো ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামসহ বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

​হামলাকারীরা প্রকাশ্যে তাকে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে দেবে না বলে হুমকি দেয় এবং সুযোগ পেলে হত্যার ভয় দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা এই মারধরের ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা সহ  কয়েকটি ফেসবুক আইডির মাধ্যমে বিকৃতভাবে প্রচার করে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে। হামলার পর তিনি প্রথমে স্থানীয় একটি ফার্মেসিতে এবং পরে বৃহস্পতিবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, যার রেজিস্ট্রি নম্বর ২৪৫২/০২। সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করার পর তিনি এই আইনি পদক্ষেপ নেন।

​অভিযোগকারী নিজাম উদ্দিন মজুমদার সজীব ফেনী আইনজীবী সমিতির একজন শিক্ষানবিশ আইনজীবী, যার ক্রমিক নং-২৮৮। তার পিতার নাম প্রয়াত আমানত উল্যাহ হেডমাস্টার এবং বাড়ি ছাগলনাইয়া থানার ৮ নং রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের জান মিয়া মাস্টার বাড়িতে। মোহনা টেলিভিশনের হয়ে তিনি ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার দায়িত্ব পালন করে আসছেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী জানিয়েছেন, তিনি অভিযোগটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এবং বর্তমানে এর তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here