
সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ আবু হেলাল, নিত্যবয়ান সংবাদদাতা, শেরপুর।
দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবসায়ীদের সহায়তা প্রদানের লক্ষ্যে শেরপুরে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে আগস্ট, ২০২৬) সকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এই সেমিনারে স্থানীয় শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিল ‘জাতীয় ট্যারিফ নীতি-২০২৩’-এর আলোকে ট্যারিফ সহায়তা ও দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করা। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ট্রেড পলিসি ডিভিশনের সদস্য ও যুগ্ম সচিব মো. আব্দুল গফুর এবং বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ট্রেড কাউন্টারমেজারস বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
সেমিনারে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে শেরপুর চেম্বারের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশীদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা, ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী এবং মো. হোসাইনসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
