ফেনী : ৭ প্রস্তাবনায় কওমি শিক্ষক প্রতিনিধি সম্মেলন

0
33

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী সদর (ফেনী)।

​শিক্ষক নিয়োগে কড়াকড়ি, শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তি নিষিদ্ধ এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাবনা উপস্থাপনের মধ্য দিয়ে ফেনীতে কওমি মাদরাসাগুলোর শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে আগস্ট, ২০২৬) সকাল ৯টায় জেলার ঐতিহ্যবাহী শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’-এর উদ্যোগে এ সম্মেলন সম্পন্ন হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন কওমি মাদরাসার দায়িত্বশীল প্রতিনিধিরা।

​সম্মেলনে পঠিত মূল প্রবন্ধে কওমি মাদরাসার ঐতিহ্য রক্ষার পাশাপাশি সমসাময়িক অপপ্রচার রোধে সচেতনতামূলক ৭ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। জামিয়া রশীদিয়া ফেনীর নায়েবে মুহতামিম মুফতী ফয়জুল্লাহর উপস্থাপিত এসব নির্দেশনায় বলা হয়, সর্বোচ্চ চারিত্রিক ও দ্বীনি যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। নতুন শিক্ষকদের ক্ষেত্রে পূর্ববর্তী অভিভাবকের রিপোর্ট এবং প্রবীণদের ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক অভিযোগ প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ কিংবা আইনি কর্তৃপক্ষের কাছে সোপর্দ করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

​শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে অনুচিত ভাষা ব্যবহার, অযাচিত শাস্তি এবং বেধড়ক মারপিট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শারীরিক নির্যাতনের বদলে বুঝিয়ে তালীম প্রদানের ওপর জোর দেন আলোচকরা। শিক্ষক-শিক্ষার্থীর মাঝে পবিত্র পরিবেশ বজায় রেখে ছাত্রদের দিয়ে কোনো ধরনের শারীরিক খেদমত করানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার স্বার্থে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং শিক্ষকদের জন্য সীমিত করা হয়েছে। নারী মাদরাসাগুলোতে পূর্ণ শরিয়তি পর্দা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ রাখা এবং নিয়মিত অডিটের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুন্নতি জীবন ও চরিত্র গঠনে শিক্ষকদের মনোযোগী হওয়ার তাগিদ দেওয়া হয়।

​সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ছদরে মুহতামিম আল্লামা আফজালুর রহমান ও জামিয়া রশীদিয়া ফেনীর প্রতিষ্ঠাতা আল্লামা মুফতী শহিদুল্লাহ। ফেনী দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতী ইলিয়াছ বিন নাজেম এবং দাগনভূঞা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতী ইউসুফ কাসেমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বট্টগ্রাম মাদরাসার মুহতামিম মুফতী নুরুল হক, জামেয়া মাদানিয়ার মুফতী আহমদুল্লাহ, ওলামা বাজার মাদরাসার মাওলানা শেখ মিজান ও মাওলানা শিব্বির আহমদ, ফুলগাজী মাদরাসার মাওলানা ইউসুফ ছাদেক, ফেনী জামিয়া ইসলামিয়ার মাওলানা মুমিনুল হক জাদিদ এবং শর্শদি মাদরাসার মাওলানা ইসমাইল হায়দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here