শেরপুর : পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
10

সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ আবু হেলাল, নিত্যবয়ান সংবাদদাতা, শেরপুর।

​শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর একটি পুকুর থেকে রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪শে আগস্ট, ২০২৬) ভোরে স্থানীয়রা পুকুরে মরদেহ দুটি ভাসতে দেখে স্বজনদের খবর দেন। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, ইসমাইল একই এলাকার ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র।

​এলাকাবাসীর তথ্যমতে, ওই দুই শিশু মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত এবং তারা কেউই ভালোভাবে সাঁতার জানত না। স্বজন ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, সাঁতার না জানার কারণেই পানিতে ডুবে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। পরিবারের সদস্যরা জানান, রবিবার (২৩শে আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে সে সময় তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​সোমবার ভোরে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে খবর দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here