ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, হেফাজতে কক্সবাজারের ২

0
15

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী।

​ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার (২১শে আগস্ট, ২০২৬) রাত ৮টা ১০ মিনিটের দিকে এস. রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনের মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— কক্সবাজার জেলার রামু থানাধীন শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. নূর (২১)। র‌্যাবের আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মহাসড়কের ওই স্থানে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

​আটকের পর সন্দেহভাজনদের সাথে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ এবং একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here