
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর পরশুরাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার মনতলা হাসপাতাল মোড় এলাকায় এই আটকের ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলের অংশ হিসেবে রাজেশপুর বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা হাসপাতাল মোড় এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত মেইন পিলার ২১৩৮/২ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসময় বিজিবির টহল দল একটি ইজিবাইককে থামার জন্য সংকেত দিলে বাইকে থাকা দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে সাইফুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে সাইফুলের শরীর তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক সাইফুল ইসলাম পরশুরাম উপজেলার নোয়াপুর গ্রামের মোঃ মাদু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মোঃ কামাল (৩৫) বলে শনাক্ত করা হয়েছে, তিনি একই গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬,৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আটক সাইফুল ইসলামকে আসামি করে এবং মোঃ কামালকে পলাতক আসামি দেখিয়ে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।