শেরপুরে তুলা মিয়া হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. আজিজুল হককে (৩৫) ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বন্ধুকে নৃশংসভাবে হত্যার পর থেকে তিনি ২১ দিন পলাতক ছিলেন। সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুরে এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল প্রথমে আসামি আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের সহযোগিতায় সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা রুজুর পর থেকেই আসামিদের ধরতে র‌্যাব-১৪ গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া (৩৭) এবং অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামি নাজমুল হক (৩০) পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়িতে ডেকে পাঠান। রাত সাড়ে ৯টার দিকে তুলা মিয়া সেখানে পৌঁছালে তাদের মধ্যে পূর্বের টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। বিতর্কের একপর্যায়ে নাজমুল হক তার ঘরে থাকা একটি ধারালো গাছি দা দিয়ে তুলা মিয়ার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপাতে থাকেন। পরে তারা ভিকটিমের শ্বাসনালী কেটে মৃত্যু নিশ্চিত করেন। গুরুতর আহত অবস্থায় তুলা মিয়াকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এই পাশবিক হত্যাকাণ্ডের পরদিন, ২৫ আগস্ট ২০২৫, নিহতের পিতা মো. নুরুল হক (৬৫) বাদী হয়ে অভিযুক্ত আজিজুল হক ও নাজমুল হকের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩০) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

​গ্রেফতারকৃত আসামি আজিজুল হককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

​নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ