পরশুরামে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরামে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কহুয়া জুনিয়র একাদশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই চূড়ান্ত পর্বে তারা চারিগ্রাম সততা ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

​সাবেক খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় কহুয়া জুনিয়র একাদশ ও চারিগ্রাম সততা ক্লাব। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। খেলার এক পর্যায়ে কহুয়া জুনিয়র একাদশ ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি। উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি নুরনবী পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কাঁলাচান। এছাড়াও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন মিন্টু ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।

​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় পুরো টুর্নামেন্ট জুড়ে রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী। টুর্নামেন্ট আয়োজক কমিটিতে থেকে এর সার্বিক তত্ত্বাবধান করেন আবুল কাশেম, আজিম পাটোয়ারী, মাইফুল, জাফর, হানিফ এবং শুভ।

​সমাপনী পর্বে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্যা ম্যাচ), চ্যাম্পিয়ন দল কহুয়া জুনিয়র একাদশ এবং রানার্সআপ দল চারিগ্রাম সততা ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও নগদ অর্থ তুলে দেন। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সফল এই টুর্নামেন্টের পর্দা নামে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ