
ফজলুর রহমান,
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নকল বিড়ি ও বিড়ি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঠেঙ্গামারা চকগাজিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলাম জীবনের বাড়িতে এ অভিযান চালানো হয়। জীবন ওই এলাকার মৃত অবের উদ্দিনের ছেলে এবং বর্তমানে আনসার ভিডিপি সদস্য হিসেবে বগুড়ায় কর্মরত আছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে আজিজুল ইসলাম নকল বিড়ি তৈরির কারবার চালিয়ে আসছিলেন।
মনোমহন বিড়ি কোম্পানির ফ্যাক্টরি ও মার্কেটিং ম্যানেজার মাইনুল ইসলাম শান্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন জীবনের বাড়িতে নকল বিড়ি তৈরি হচ্ছে। পরে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সেখানে থেকে ২৬ হাজার ৫শ’ প্রস্তুতকৃত নকল বিড়ি, প্রায় ১ মণ বিড়ি তৈরির তামাক, ২ লাখ বিড়ি তৈরির ফিল্টার, প্রায় ৫ লাখ বিড়ি তৈরির লেবেল, ২২ হাজার বিড়ি তৈরির ঠোস এবং বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ব্যান্ডরোল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে গেলেও তার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হন কর্তৃপক্ষ।
মনোমহন বিড়ি ফ্যাক্টরির ডিরেক্টর একরামুল হক বলেন, “আজিজুল ইসলাম দীর্ঘ ৫-৭ বছর ধরে আমাদের কোম্পানির ব্র্যান্ড নকল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি তৈরি করে আসছিল। আমরা খবর পেয়ে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ সরঞ্জাম ও নকল ব্যান্ডরোল জব্দ করি।”
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত নকল বিড়ি ও সরঞ্জাম থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।