
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে মজিবুর রহমান মঞ্জু বলেন, “অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কিনা? তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।”
দলের সাংগঠনিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি সম্ভাব্য সমালোচনা ও উৎসাহ—উভয় দিকই তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি। তাহলে কি হবে, কেউ বলবে আরে মিয়া নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কিনা দেখ।” তবে ইতিবাচক সমর্থনের কথাও উল্লেখ করে তিনি যোগ করেন, “হয় তো অল্প সংখ্যক লোক বলবে কোনো সমস্যা নাই, সাফল্য রাতারাতি একদিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে যান। যে কোনো নতুন কিছু শূন্য থেকেই শুরু করতে হয়।”
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সমালোচনা ও উৎসাহকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে গেলে ক্ষুদ্র উদ্যোগও ভবিষ্যতে বৃহৎ পরিসরে পৌঁছাতে পারে। তিনি বলেন, “আমরা যখন নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করি তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল পৃথিবীতে বেশিরভাগ উদ্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো এহেড।”
ভবিষ্যতে চমকপ্রদ রাজনৈতিক ঘটনার ইঙ্গিত দিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, “সামনে চমকপ্রদ বেশকিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি।” তিনি দীর্ঘমেয়াদি অর্জনের জন্য কঠিন পথ পাড়ি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি তার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলেন, “তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মজিবুর রহমান মঞ্জু সাবেক আওয়ামী লীগ সরকারের সময় কারাবরণ করেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি তার নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।