
মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা
ফেনীর ফুলগাজী উপজেলা সদরের বাজার এলাকায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের ভেতরে থাকা চারটি ব্যাটারিচালিত টমটমসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় চারজন ব্যবসায়ী সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছেঃ
বেলাল খন্দকার (বাসুরা গ্রামের) – টমটম যন্ত্রাংশের দোকান
মহিউদ্দিন (নিচ কালিকাপুর, পরশুরাম) – পচকার দোকান
সুমন (বরইয়া) – টমটম যন্ত্রাংশের দোকান
শামীম (বরইয়া) – টমটম গ্যারেজ
দোকান মালিকদের একজন আবদুল কাদের জসিমের ভাড়ায় থাকা এসব দোকান থেকে কেউ কিছুই বের করতে পারেননি। আগুনে চারটি দোকানের ভেতরে থাকা টমটমসহ সমস্ত মালপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাৎক্ষণিকভাবে সরকারি সহায়তা না পেলে তাদের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।