
সবুজ আহমেদ, ছাগলনাইয়া (ফেনী):
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড়, হরিপুর, মধ্যম শিলুয়া ও পূর্ব শিলুয়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা কন্টাক্টর মসজিদ হতে নাফিতঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত, ভেঙে গেছে রাস্তার পিচ ও মাটি। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের জন্যও যাতায়াত কঠিন হয়ে পড়েছে। বর্ষাকালে এই গর্তগুলোতে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠে।
প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষসহ শত শত লোক এই রাস্তায় চলাচল করে। তবে সড়কটির এই করুণ অবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। যানবাহন না চলায় অনেককে হেঁটেই পার হতে হয় পুরো রাস্তা। যে কয়টি ব্যাটারিচালিত যানবাহন চলে, সেগুলোর জন্য দিতে হয় অতিরিক্ত ভাড়া।
শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচারীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে। অনেক সময় জরুরি রোগী পরিবহনের সময় পড়তে হচ্ছে চরম বিপাকে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলাকাবাসীর দাবি, অতি জরুরি ভিত্তিতে এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।