ফেনী-কুমিল্লা সড়ক : তল্লাশিতে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

0
25

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক।

 

​ফেনী-কুমিল্লা সড়কের বিসিক রোডের সামনে স্টার লাইন পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। সোমবার (২২শে জুন, ২০২৬) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ফেনী মডেল সদর থানা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম মুটুয়া (ফুলজান পাড়া) এলাকার মৃত ইয়াছিনের ছেলে মো. নুরুল আলম জানু (৪৫) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা এলাকার মো. আ. হাকিম হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (৫৫)। আটকের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব তাদের ফেনী মডেল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

​র‍্যাব-৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ছাগলনাইয়া থানার জিরো পয়েন্ট থেকে স্টার লাইন পরিবহণের একটি বাসে করে মাদকের একটি চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিসিক রোডের সামনে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে র‍্যাবের আভিযানিক দল। নির্দিষ্ট বাসটি চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন ওই দুই যাত্রীর ট্রাভেল ও ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখানে সুকৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। র‍্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here