
সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চারটি কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, পশ্চিম দেবপুর এলাকার একটি বসতবাড়িতে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন বাড়ির বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিন ফুট নয় ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি দেশীয় একনলা বন্দুক। লোহার তৈরি বডি ও ব্যারেলযুক্ত এই বন্দুকটিতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত রয়েছে। এর পাশাপাশি ১২ বোরের চারটি কার্তুজ জব্দ করা হয়, যার তিনটির ওপরের অংশ নীল এবং অপরটি লাল রঙের প্লাস্টিকের তৈরি এবং সবগুলোর নিচেই পিতলের ক্যাপ যুক্ত রয়েছে।
গ্রেপ্তার হওয়া ওবায়দুল হক মজুমদার ওই এলাকার মৃত ছেরাজুল হক মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।