
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক জেলার ‘একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র’ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দান পদ্ধতি সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিশুদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি প্রতিবন্ধী শিশুদের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানের শিক্ষকদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সঠিক যত্ন ও প্রশিক্ষণ দিতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার এবং আমরা স্থানীয়ভাবে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই পরিদর্শনে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে।