
ফজলুর রহমান,নাটোর, সংবাদদাতা।।
নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমি শ্রেনী পরিবর্তন করে অবৈধভাবে পুকুরখনন করায় পুকুরখননকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এ ধরণের অপতৎপরতা বন্ধ করতে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বসুপাড়া গ্রামে ও কোয়ালি পাড়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের অপরাধে দুজনের নামে থানায় নিয়মিত মামলা নথিভুক্ত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি সুরক্ষা আইনে বাগাতিপাড়ায় পৌরভূমি কর্মকর্তা দেবরাজ কুমার দাস বাংলাদেশ সরকারের পক্ষে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আসামীরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বসুপড়া গ্রামের শ্রী বাসুদেব মন্ডলের ছেলে শ্রী বিকাশ মন্ডল ও একই ইউনিয়নের সাজামালঞ্চি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল বাশার।কৃষি জমি সুরক্ষায় এমন এমন কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা জানান, জনস্বার্থে উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান ও মামলা চলমান রয়েছে এবং আগামীতেও কৃষকদের স্বার্থ রক্ষায় পুকুর খননকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, কৃষি জমিতে পুকুর খননের অপরাধে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। আসামেদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।